একযে ছিল রাজা, রাজার ছিল তিন মেয়ে।গুলশানের
মস্ত একটা ডুপ্লেক্স বাড়িতে রাজা,রানী আর তিন রাজকন্যা সুখে শান্তিতে বাস করতেন। একদা এক রমজান মাসে রাজার ইচ্ছা হল তার তিন মেয়ে তাকে কতটা ভালবাসে তা পরখ করে দেখবেন। অতঃপর, রাজা তিন মেয়েকে ডেকে বললেন, তোমরা তিনজন আমাকে আজ ইফতারিতে তিন রকম আইটেম বানিয়ে খাওয়াবে। একথা শুনে মেয়েরা খুশি হয়ে ইফতারি বানানোর কাজে নেমে পড়ল। কে কত ভাল আইটেম বানিয়ে বাবাকে খাওয়াবে এটা নিয়ে রিতীমত প্রতিযোগিতা
শুরু হল। শেষমেশ ইফতারির আগে ডাইনিং টেবিলে অন্য সব আইটেমের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হল তিন রাজকন্যার নিজ হাতে বানানো ইফতারি আইটেম। রাজা
বড় মেয়েকে ডেকে বললেন, “তুমি আমার জন্য কি আইটেম বানিয়েছো”? বড় মেয়ে বলল, "এই যে বাবা, আমি তোমার জন্য খাসির মাংসের হালিম বানিয়েছি"।রাজা বললেন,
"বেশ বেশ"। অতঃপর মেজ মেয়ে এগিয়ে এসে বলল, "এই যে বাবা আমি তোমার জন্য কাস্টার্ড বানিয়েছি"। রাজা খুব খুশি হলেন। সবশেষে
ছোট মেয়েকে বললেন,
"মা, তুমি কি বানিয়েছো? ছোট মেয়ে বলল, "এই যে বাবা, মিস্টি কুমড়ার বেগুনী"!!
একথা শুনে রাজা রীতিমত রেগে গেলেন। বেগুনি
বানাতে হয় বেগুন দিয়ে, মিস্টি কুমড়া দিয়ে কেন বেগুনি বানাতে হবে! ছোট মেয়ে কি মশকরা করল তার সাথে? রাজা মেজাজ হারালেন এবং ছোট মেয়েকে শাস্তি স্বরুপ ডুপ্লেক্স বাড়ি ছেড়ে গ্রামে(উত্তরা) পাঠিয়ে দিলেন।
এক যুগ পর রাজা একদিন গ্রামের (উত্তরা) পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ইফতারির সময় হয়ে গেলে রাজা একটা বাড়িতে ইফতারি করার জন্য প্রবেশ করেন। ইফতারিতে মেনুতে অন্য আইটেমের পাশাপাশি এক বাটি বেগুনী দেখে রাজার মন খুশিতে ভরে ওঠে। কারণ এই ১২ বছরে বেগুনের দাম এত বেশি বেড়েছে যে কৃষকেরা বেগুন উৎপাদন করা বন্ধ করে দিয়েছে বছর দুয়েক আগেই।দেশ এখন পুরোপুরি বেগুন শূণ্য।
ইফতারির সময় হওয়া মাত্রই অন্য সব আইটেম রেখে রাজা সর্ব প্রথম বেগুনিতে কামড় বসালেন। আহ! কি স্বাদ! এমন বেগুনী তো সে বাবার জনমে খায়নি।এ যে অমৃত! রাজা জানতে চাইলেন, দেশ থেকে তো বেগুন বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এত টেস্টি ও ইয়াম্মি বেগুনী কিভাবে তৈরি হল? তখন পর্দার পিছন থেকে মুখ বাড়িতে একটা মেয়ে উত্তর দিল, "এটা মিস্টি কুমড়ার বেগুনী"। একথা শোনা মাত্রই রাজার আর বুঝতে বাকি থাকল না কিছুই। সেদিন যদি রাগ না করে ছোট মেয়ের বানানো মিস্টি কুমড়ার বেগুনী একটিবার মুখে দিয়ে দেখতেন, তাহলে কি আর আজ তার মেয়েকে এই গ্রামে(উত্তরায়) বাস করা লাগত?
অতঃপর রাজা মেয়েকে কাছে ডেকে একটা সেলফি তুলে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিলেনঃ "First
Iftar done with Misty Kumrar Beguni” .... with ছোট রাজকন্য।

0 Comments